| 13.03.2010 | 23:00 UTC
কান্দাহারে একাধিক হামলা, নিহত কমপক্ষে ৩০
আফগানিস্তানের কান্দাহারে একাধিক বিস্ফোরণে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩০ জন, আহত হয়েছেন বেশ কয়েকজন৷ নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং পুলিশকর্মীও রয়েছেন৷ প্রাথমিক খবরে জানা যাচ্ছে, কান্দাহারের মূল কারগারটি ছিল হামলার লক্ষ্য৷ তবে বিস্ফোরণের পর কারাবন্দীদের পালিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি৷ এই কারাগারে দুই বছর আগেও একই ধরণের হামলা হয়েছিল এবং তখন ১,০০০ কারাবন্দী পালিয়ে যায় যাদের মধ্যে চার শত তালেবান জঙ্গি ছিল৷ এদিকে, আফগানিস্তানের অপর প্রদেশ হেলমান্দে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর অপারেশন মুশতারাক এর এক মাস পূর্ণ হলো শনিবার৷ এই উপলক্ষ্যে হঠাৎই সেখানে হাজির হন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই, বৈঠক করেন বেশ কয়েকজন উপজাতীয় নেতার সঙ্গে৷ কারজাই বলেন, আমরা মত বিনিময় করেছি, আমি তাদের কথা শুনেছি এবং তারা আমার কথা শুনেছে৷ তাদের বেশকিছু যৌক্তিক অভিযোগ ছিল৷ তারা মনে করছিল তাদের সঙ্গে পরিত্যক্তের মতো আচরন করা হয়েছে৷ কিছু ক্ষেত্রে তা ঠিকও৷ কিন্তু তাদের এই মানসিকতায় পরিবর্তন আনতে হবে৷ তাদের নিরাপত্তার জন্য সবকিছু্ই করা উচিত আমাদের৷

